Sylhet Today 24 PRINT

মুজিববর্ষে বাড়ির দেওয়াল রং করার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০২০

মুজিববর্ষ উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার মূল সড়কের পাশে থাকা বাড়িঘরের দেয়াল রং করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। এ জন্য বাড়ির মালিকদের কাছে চিঠিও পাঠিয়েছে ডিএসসিসি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মুজিববর্ষ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সড়কসমূহের পার্শ্বে বাড়ি/স্থাপনা, গেইট ও বাউন্ডারি ওয়াল প্রয়োজনীয় সংস্কার ও রং করা প্রয়োজন। স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তাঁর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন কার্যক্রমে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের সকলেরই নাগরিক দায়িত্ব।’

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক জানান, ‘আমার মনে হয় নাগরিকদেরও এ উপলক্ষে নিজেদের বাড়িঘর রং করা উচিত। যারা বাড়িঘর রং করাবেন না, তারা জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করতে চান না বলে মনে করব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.