Sylhet Today 24 PRINT

বিএসএফের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে

বেনাপোল প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০২০

সীমান্তে চোরাচালান রোধ, অস্ত্র-বিস্ফোরক, নারী-শিশু পাচার এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব বজায় রাখার জন্য ভারত-বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের জন্য ভারতীয় বিএসএফের উচ্চ পর্যায়ের ৮ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় বিএসএফ এর দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট থেকে বাংলাদেশে প্রবেশ করে।

এ সময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ভারতীয় বিএসএফ এর দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে আসা অন্যান্যরা হলেন, খোরানিয়ার স্ত্রী শ্রীমতি রুসিয়া খোরানিয়া, আইজি বিএসএফএর উত্তর বেঙ্গল ফ্রন্টেরিয়ার শ্রী আ্যাশউইনি কুমার সিং ও তার স্ত্রী শ্রীমতি মায়া সিং, গোহাটি আইপিএস আইজি শ্রী পিয়াস মোরধিয়া, গোহাটি ফ্রন্টিয়ার ডিজি নডল অফিসার শ্রী জিতেন্দ্র কুমার রুডোলা, দক্ষিণ বাংলা ফ্রন্টিয়ার নুডল অফিসার ডিআইজি শ্রী সুরজিত সিং গুলোরিয়া, নর্থ বাংলার ফ্রন্টিয়ার নুডল অফিসার শ্রী রাজিভা রঞ্জন শর্মা, সাউথ বাংলার স্টাফ অফিসার শ্রী রবি রঞ্জন, এ এইচ সি শ্রী রাকেশ কুমার রাইনা।

খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন বলেন, উভয় দেশের সীমান্ত সংক্রান্ত বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হবে। মূল আলোচনায় থাকবে নারী-শিশু পাচার, মাদক, অস্ত্র-বিস্ফোরকসহ চোরাচালান রোধ সম্পর্কে আলোচনা। ভারতীয় বিএসএফের প্রতিনিধি দল আজ যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনালে দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে বৈঠক করবেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় বেনাপোল কোম্পানি সদরে গার্ড অব অনার প্রদান করা হয়।

যশোর বিজিবির উপ-পরিচালক ফারুক হোসেন বলেন, প্রতিনিধি দল আজ যশোর বৈঠক শেষে খুলনা বিজিবি সেক্টর সদরে যাবেন। সেখান থেকে তারা বিভিন্ন জায়গা ভ্রমণ শেষে ৮ তারিখে বেনাপোল হয়ে আবার ভারতে ফিরে যাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.