Sylhet Today 24 PRINT

করোনা থেকে সেরে উঠা দুইজন বাড়ি যাচ্ছেন শিগগিরি

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে যে দুইজন সুস্থ হয়ে উঠেছেন তারা শিগগিরি বাড়ি ফিরে যাচ্ছেন জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তাদের যেকোনো দিন ছেড়ে দেওয়া হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনোয় আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন সুস্থ হয়ে উঠেছেন। তাদের যেকোনো দিন ছাড়া হবে। বুধবার এ তথ্য জানিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনাও বলেছিলেন, দুজন সুস্থ হয়ে উঠছেন।

মন্ত্রী বলেন, সরকার সতর্ক ও সজাগ রয়েছে। করোনা মোকাবিলা করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে তাদের। এর আগে সামিট গ্রুপের পক্ষ থেকে পাঁচটি থার্মাল স্ক্যানার স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

জাহিদ মালেক বলেন, স্ক্যানার দিয়ে করোনাভাইরাস শনাক্ত করা হয় না। এই মেশিন দিয়ে শরীরের তাপমাত্রা ডিটেক্ট করা হয়। কারও তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাকে আলাদা করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

বর্তমানে মন্ত্রণালয়ের কাছে মোট ১০টি স্ক্যানার রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যেসব জায়গায় স্ক্যানার স্থাপন করা হয়েছে এই মেশিনগুলো সেখানে ব্যাকআপ হিসেবে থাকবে এবং নতুন স্থানেও স্থাপন করা হবে। এছাড়া যারা বিদেশে রয়েছেন তাদের এই মুহূর্তে দেশে না আসার অনুরোধ জানান তিনি।

আইইডিসিআর গত রোববার এক ব্রিফিংয়ে দেশে প্রথমবারের মত তিনজনের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করে। তাদের মধ্যে দুজন পুরুষ সম্প্রতি ইতালির দুটি শহর থেকে দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজনের সংস্পর্শে এসে পরিবারের আরেক নারী সদস্য আক্রান্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-স্বাস্থ্যসচিব মো. আসাদুল ইসলাম, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.