Sylhet Today 24 PRINT

হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০২০

মানিকগঞ্জের সাটুরিয়ায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ দণ্ড দেন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ অর্থ দণ্ড প্রদানের পর তা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারা মিয়ার ছেলে লাল মিয়া (৪০)। তিনি ৬ মার্চ সৌদি আরব থেকে গ্রামের বাড়ি আসেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আশরাফুল আলম বলেন, ‘সদ্য বিদেশ ফেরতদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এ নিয়ে প্রতিদিন সচেতনমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। সন্ধ্যার পর চায়ের দোকানে দোকানে গিয়ে সচেতন করা হচ্ছে এ বিষয়ে। এরপরও ওই সৌদি প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই প্রবাসীকে ভ্রাম্মনবাড়ি গ্রামে গিয়ে ঘটনার  সত্যতা পাওয়া যায়। সরকারি আইন অমান্য করায় লাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.