Sylhet Today 24 PRINT

হজ ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করায় আ.লীগ নেতার ৫৭ ধারার মামলা, গ্রেফতার ২

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৫

ফেসবুকে হজের পদপিষ্টের ঘটনায় কর্তৃপক্ষের সমালোচনা করে ফেসবুক স্ট্যাটাস দেয়ায় 'ধর্মানুভূতি আহত' হয়েছে এমন অভিযোগ এনে তথ্য  প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় এক আওয়ামীলীগ নেতার করা মামলায় সাতক্ষীরায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন মোহন কুমার মণ্ডল (৪০) ও শওকত গাজী (৩৬)।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার মুনসুর সরদারের গ্যারেজ থেকে মোহন কুমারকে  গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার না করতে সুপারিশ করলে শওকতকেও গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে হজে মানুষ মারা যাওয়া নিয়ে তাঁর ফেসবুকে স্ট্যাটাস দেন। যে কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ (২) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

মোহন আসলে কি লিখেছেন এমন প্রশ্ন করা হল ওসি বলেন তিনি তা জানেন না। তাহলে কেন মামলা নেয়া হল এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। 

খোঁজ নিয়ে জানা গেছে আকবর কবীর একসময় জামায়াতে ইসলামির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, পরে আওয়ামীলীগে যোগ দেন।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা মোহন বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক। তিনি কোন ব্লগে লেখালেখি করেন না। জানা যায়, হজে নিহতের ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ব্যবস্থাপনার সমালোচনা করে একটি স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণের মধ্যেই আপত্তির মুখে তা সরিয়েও ফেলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.