Sylhet Today 24 PRINT

যেখানে প্রয়োজন শাটডাউন করা হবে: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০২০

করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো যেখানে যেখানে প্রয়োজন, সেখানে ‘শাটডাউন’ করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শাটডাউন প্রয়োজন হলে করা হবে, যেখানে যেখানে প্রয়োজন। কারণ, এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে।’

ওবায়দুল কাদের রাজনৈতিক ও গোষ্ঠীচিন্তার ঊর্ধ্বে উঠে করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করেছেন।

তিনি বলেন, ‘করোনা আমাদের অভিন্ন শত্রু।’

বিভিন্ন জমায়েত হচ্ছে—এ ব্যাপারে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা–সমাবেশে যাব না। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উৎসব অনুষ্ঠান সীমিত করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ আতঙ্ক সামনের দিনে যাতে আরও বাড়তে না পারে, সে ব্যাপারে যথেষ্ট সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.