Sylhet Today 24 PRINT

কক্সবাজার সৈকতে লোকসমাগম নিষিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০২০

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজার সমুদ্রসৈকতে করেছে জেলা প্রশাসন।

একইসাথে দেশি-বিদেশি সকল পর্যটকদের কক্সবাজারের সৈকত ভ্রমণে আসতে নিরুৎসাহিত করতে স্থানীয় হোটেলের মালিকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

এরইমধ্যে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত সৈকতে নেমে পর্যটকদের হোটেলকক্ষে ফিরিয়ে নিয়েছেন। একইসাথে বৃহস্পতিবার সকালের মধ্যে হোটেল মোটেল খালি করা হবে এবং আগামীকাল সকাল থেকে কাউকে সৈকত এলাকায় জড়ো হতে দেওয়া হবে না বলে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে হোটেলের মালিকদের তথ্য অনুযায়ী আজ কক্সবাজারে অবস্থান করছেন প্রায় তিন হাজার পর্যটক। এর মধ্যে এক হাজার গেছেন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, আজ বুধবার বিকেল থেকে সমুদ্রসৈকতে জনসমাগম নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ ব্যাপারে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হয়েছে। আর পর্যটকদের ভ্রমণে আসতে নিরুৎসাহিত করতে স্থানীয় হোটেলের মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ফখরুল ইসলাম বলেন, সমুদ্র সৈকতে ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকদের সমাগম-জমায়েত এবং কোনো ধরনের কর্মসূচি পালনে নিষেধ করে প্রচারণা চালাচ্ছে টুরিস্ট পুলিশ। সন্ধ্যার আগেই সৈকত খালি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.