Sylhet Today 24 PRINT

রাজধানীতে গুলি করে ইতালিয় নাগরিককে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৫

রাজধানীর গুলশানের কূটনৈতিকপাড়ায় দুর্বৃত্তের গুলিতে ইতালির এক নাগরিক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

ট্রাভেলা রির্চাড (৫০) নামে ওই বিদেশি ঢাকায় আইসিসিও নামে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি সিরাজ। তিনি বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।

এদিকে একই থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘নিহত বিদেশি নাগরিকের শরীরে প্রাথমিকভাবে দু’টি গুলির চিহ্ন পাওয়া গেছে। এরমধ্যে একটি তার বাম হাতের কনুইয়ের উপর এবং অন্যটি পেটে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.