Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রও সতর্কতা জারি করল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৫

অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রও তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে। বলছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া দেশগুলোতে ‘মার্কিন স্বার্থের ওপর’ জঙ্গি হামলার ‘সম্ভাব্য পরিকল্পনার’ তথ্য পাওয়ার কথা।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সোমবার হালনাগাদ করা ওই বার্তায় তাদের নাগরিকদের বলেছে, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়ার স্বার্থে আঘাত হানতে পারে বলে ‘নির্ভরযোগ্য নতুন’ তথ্য তারা পেয়েছে।

“এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন।”

এতে বলা হয়, “যুক্তরাষ্ট্র সরকার যেসব নতুন তথ্য পাচ্ছে তাতে ধারণা করা যায় যে, দক্ষিণ এশিয়ার জঙ্গি দলগুলো ওই অঞ্চলে মার্কিন স্থাপনা, মার্কিন নাগরিক ও মার্কিন স্বার্থের ওপর হামলার পরিকল্পনা করে থাকতে পারে।”

‘ঝুঁকি বেড়ে যাওয়ায়’ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের আঞ্চলিক নিরাপত্তা দপ্তরের অনুমতি ছাড়া বাংলাদেশে বড় ধরনের জমায়েত বা আন্তর্জাতিক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে (যেখানে বিদেশিরা সমবেত হতে পারে) অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অন্য নাগরিকদেরও একই পরামর্শ দিয়ে রেস্তোরাঁ, হোটেলসহ সব জনসমাগম স্থলে চলাফেরার ক্ষেত্রে ‘উচ্চ মাত্রায় সতর্কতা’ অবলম্বন করতে বলেছে মার্কিন দূতাবাস।

‘নিরাপত্তা ঝুঁকির’ কথা জানিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল গত শনিবার বাংলাদেশ সফর পিছিয়ে দিলে হঠাৎ করেই জঙ্গি হামলার প্রসঙ্গটি সামনে আসে।    

তার আগের দিন অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) বাংলাদেশে ভ্রমণে বিষয়ে সতর্কতা জারি করে এক বার্তায় তাদের নাগরিকদের জানায়, জঙ্গিরা বাংলাদেশে ‘অস্ট্রেলিয়ার স্বার্থের ওপর’ আঘাত হানার পরিকল্পনা করছে- এমন ‘নির্ভরযোগ্য তথ্য’ তাদের হাতে রয়েছে।

এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল নিরাপত্তা পরিস্থিতি ও পরিকল্পনা খতিয়ে দেখতে বাংলাদেশে আসেন এবং আইন-শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করেন।

এদিকে, অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞকে স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলেও অভিযোগকে ‘খামোখা’ ও ‘অমূলক’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্ব না দেওয়ামূলক বক্তব্যের একদিন পর ঢাকায় ইতালীয় নাগরিক খুন হন।

এরই মধ্যে সোমবার সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক পাড়া গুলশানে চেজারে তাভেল্লা নামে এক ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়।

ইসলামিক স্টেট (আইএস) ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে রাতেই তথ্য দেয় ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামের একটি ওয়েবসাইট, যারা জঙ্গি হুমকি পর্যবেক্ষণ করে থাকে।

গত দুই বছরে একের পর এক ব্লগার হত্যার ঘটনায় বার বার জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, পুলিশও জোরের সঙ্গে উগ্রপন্থিদের সংশ্লিষ্টতার সন্দেহের কথা বলেছে।

এর আগে, ২০১২ সালের ৬ মার্চ গুলশানে ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি খালাফ আল আলী নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.