Sylhet Today 24 PRINT

দেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত ৩, সুস্থ ২

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২০

দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। আইইডিসিআরের হিসেবে এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭। আর এ যাবত মৃত্যু হয়েছে দুজনের। এছাড়া নতুন করে আরও দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোববার (২২ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ রোববার এ তথ্য জানান।

রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আজ করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিং হয়।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন পুরুষ একজন নারী। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন। আর একজন আগে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে ছিলেন।

মীরজাদী বলেন, নতুন আরও দুজন সুস্থ হয়ে ফিরে গেছেন। সব মিলিয়ে আক্রান্ত ২৭ জনের মধ্যে পাঁচজনের ক্ষেত্রে এখন আর সংক্রমণ নেই। দুজন মারা গেছেন। অর্থাৎ দেশে এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ জন।

মীরজাদী বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। তবে তিনজনের মৃদু উপসর্গ আছে।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.