Sylhet Today 24 PRINT

চিকিৎসক-নার্স-চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করবে চীন

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২০

চিকিৎসক, নার্স ও চিকিৎসা সামগ্রী দিয়ে চীন বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দিয়েছে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর বারিধারার নিজস্ব বাসভবনে করোনাভাইরাস মোকাবেলায় চায়না রাষ্ট্রদূত লী ঝিমিংয়ের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, করোনা মোকাবেলায় চীন বাংলাদেশকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। চায়না যখন করোনা আক্রান্ত ছিলো বাংলাদেশ তখন চায়নাকে সহায়তা করেছিল। এখন চায়নাও বাংলাদেশের করোনা আক্রান্ত সময়ে পাশে দাঁড়াতে চাচ্ছে। বাংলাদেশের প্রতি চীনের এই বন্ধুসুলভ মনোভাব সত্যিই প্রশংসনীয়। জাতি চীনের এই বন্ধুসুলভ মনোভাব কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।


এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবেলায় দেশে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন। ঢাকা ও ঢাকার বাইরে পর্যাপ্ত বেড, কিট, পিপিইসহ সবধরনের প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনা মোকাবেলায় চীনের রাষ্ট্রদূত লী ঝিংমিং বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং চায়না সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.