Sylhet Today 24 PRINT

সিম পুনঃনিবন্ধনে ছয় মাস সময় লাগবে, সংবাদ সম্মেলনে তথ্য

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৫

সরকারের পক্ষ থেকে মোবাইল সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ গ্রহণের পর দেশের মোবাইল অপারেটরগুলোর সংগঠন এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এজন্যে তারা প্রাথমিকভাবে ছয় মাসের একটি সময়সীমা নির্ধারণ করেছে ।
 
আগামী ১৬ ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে। তবে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করবে সরকার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে অ্যামটবের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এবং ১৬ ডিসেম্বর থেকে জাতীয়ভাবে পুনঃনিবন্ধন শুরু হবে। অপারেটরগুলোর আউটলেট ও সেন্টারে এই নিবন্ধন চলবে।  

নুরুল কবির বলেন, সবগুলো সিম পুনঃনিবন্ধনের জন্য আমাদের সব সম্পদ কাজে লাগাবো। শেষ পর্যায় পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য পাওয়া না গেলে সিমগুলো বন্ধ হয়ে যাবে। তবে পরবর্তীতে আবার তথ্য দিয়ে এগুলো চালু করা যাবে।
 
সিম পুনঃনিবন্ধনে গ্রাহকদের ভয়েস ও টেক্সট এসএমএস পাঠানো হবে জানিয়ে নুরুল কবির বলেন, এজন্য কোন চার্জ প্রযোজ্য হবে না। আমরা গ্রাহকদের ভোগান্তিতে ফেলতে চাই না। যাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য নেই তাদের বলব জাতীয় পরিচয়পত্র দিয়ে পুনরায় নিবন্ধন করতে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাস নাগাদ বাংলাদেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম দায়িত্ব নেওয়ার পর সবগুলো সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেন।
 
অ্যামটব মহাসচিব বলেন, প্রায় ১৩ কোটি সিম পুনঃনিবন্ধনে সময় লাগবে। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে যতদিন শেষ না হবে ততদিন এই প্রক্রিয়া চলবে। আমরা প্রাথমিকভাবে অনুমান করছি ছয় মাস সময় লাগবে। এরপর প্রতি মাসে রিভিউ করব। আর চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দেবে সরকার।
 
জাতীয় পরিচয়পত্র না থাকলে সেক্ষত্রে পুনঃনিবন্ধন প্রক্রিয়ার জন্য গাইডলাইন পরিবর্তন করতে বিটিআরসি’র কাছে অনুরোধ করা হয়েছে বলে জানান নুরুল কবির।
 
সিমকার্ড পুনঃনিবন্ধনে গ্রাহকদের তথ্য বিভ্রান্তি দূর করতে ও সরকারের সাথে একযাগে কাজ করতে অপারেটরদের উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে উল্লেখ করে অ্যামটব মহাসচিব বলেন, আগামী সপ্তাহে অপারেটরগুলো তাদের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেবে। এছাড়া ব্যাপক আকারে মিডিয়া কাভারেজ দেওয়া হবে বলেও জানা গেছে।  
 
এর আগেও ২০০৮ সালে একবার সিমকার্ড পুনঃনিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। তবে অপারেটরদের কাছে সে সময় জাতীয় পরিচয়পত্র ডাটাবেইজের তথ্য যাচাই করার সুযোগ ছিল না। এজন্য সে উদ্যোগ সফল হয়নি।

সংবাদ সম্মেলনে ছয়টি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.