Sylhet Today 24 PRINT

মেডিকেলের প্রশ্ন ফাঁস : আন্দোলনকারীদের পেটালো পুলিশ, আটক ১০

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৫

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল থেকে অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের সামনে থেকে আন্দোলনকারীদের প্রথমে শাহবাগ ও পরে রমনা থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের রমনা জোনের এডিসি মো. জসিম।

এছাড়া আন্দোলনে সংহতি জানাতে আসা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একদল নেতাকর্মীকেও শাহবাগ থানায় নি যাওয়া হয়।

থানার সীমানার ভেতরে আন্দোলনকারীদের মারধর করে পুলিশ।

গত ১৮ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেওয়া ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জনকে যোগ্য ঘোষণা করে ফল ঘোষণা করা হয় ২০ সেপ্টেম্বর।

পরদিন থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ। এর অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ মিনারে অবস্থানের কথা থাকলেও সেখানে পুলিশ দেখে সরে আসেন আন্দোলনকারীরা।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হন। প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে এগোতে চাইলে পাবলিক লাইব্রেরির সামনে পুলিশ বাধা দেয়।

সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। টেনে-হিঁচড়ে ১০ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

আন্দোলনকারীদের কয়েকজনকে এ সময় মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান।

পরে বেলা ১২টার দিকে পুনরায় ভর্তি পরীক্ষার দাবি এবং আটকদের মুক্তির স্লোগান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের দিকে গেলে পুলিশ তাতে বাধা দেয়। সেখানেও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়।

পুলিশের ধস্তাধস্তি ও টানা-হেঁচড়ার কারণে একজনের জামা ছিঁড়ে যায়, যাকে টেনে খালি গায়েই থানার ভেতর নিয়ে যেতে দেখা যায়।

এছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নারী কর্মীদের সঙ্গে পুলিশের টানা-হেঁচড়া ও ধস্তাসস্তিতে কয়েকজনকে মাটিতে পড়ে যেতে দেখা যায়।

আটকের পর শাহবাগ থানার ভেতর আন্দোলনকারীদের কয়েকজন পরে ছাত্রফ্রন্টের নেতা স্নেহার্দী চক্রবর্তীসহ কয়েকজন নেতাকর্মীকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি মো. জসিম বলেন, “আন্দোলনকারীদের সবাই পরীক্ষার্থী নন। তাদের কেউ শহীদ মিনারে, কেউ রাজু ভাস্কর্য আবার কেউ শাহবাগে জমায়েত হতে চেয়েছিল। তাদের মধ্যে এরকম মতবিরোধ দেখে সন্দেহ হলে কয়েকজনকে আটক করা হয়।”

প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হলেও আদালত তা খারিজ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.