Sylhet Today 24 PRINT

ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

নিজস্ব প্রতিবেদক |  ১০ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সময়ে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় সরকার প্রদত্ত ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদকের পক্ষ থেকে বলা হয়, দুদক সিদ্ধান্ত নিয়েছে, কমিশনের প্রতিটি সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ স্থানীয় জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোনো অবস্থাতেই সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে দুর্নীতির ন্যূনতম সু্যোগ দেওয়া হবে না।

কমিশন আরও সিদ্ধান্ত নিয়েছে, কোনো ব্যক্তি যদি এজাতীয় ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেন, তাহলে তাদেরকেও আইন আমলে আনা হবে।

এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, "দুদকের সকল বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়সমূহকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন জাতির এই ক্রান্তিলগ্নে সরকারের সামাজিক নিরাপত্তামূলক যেকোনো কর্মসূচিতে দুর্নীতির মত অপরাধ প্রশ্রয় দিবে না। আমি আগেও বলেছি, আজও বলছি-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনু্যায়ী অনুপার্জিত আয় ভোগ করার কোনো সুযোগ নাই। দুদক কাউকে অনুপার্জিত আয় ভোগ করার সুযোগ দেবে না।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.