Sylhet Today 24 PRINT

নারী ক্রিকেট দলকে পাকিস্তান পাঠিয়ে জঙ্গি তকমা পেল বাংলাদেশ: সুরঞ্জিত

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নারী ক্রিকেট দলকে পাঠিয়ে পাকিস্তানকে জঙ্গি তকমা থেকে মুক্তি দিতে গিয়ে সেই তকমা পেল বাংলাদেশ।

শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও আমরা নগরবাসী’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গত ২৯ সেপ্টেম্বর দুটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান যায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আর গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু গতকাল নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা আশা করেছিলাম, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ আমাদের ক্রিকেট ভাগ্য ও বৃহস্পতি দুটোই এখন তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত খেলাটি হল না। খেলাটি কেন হল না, এ বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে।’

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পাকিস্তান পাঠানোর সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘পাকিস্তান একটি সন্ত্রাস ও জঙ্গিবাদ আক্রান্ত দেশ। বিশ্বের কোনো দেশই সেখানে ক্রিকেট খেলতে যায় না। আমাদের কী দরকার ছিল সেখানে নারী টিমকে পাঠানো। নারী ক্রিকেট দলকে পাঠিয়ে পাকিস্তানকে জঙ্গি তকমা থেকে মুক্তি দিতে গিয়ে এখন সেই তকমা পেয়েছে বাংলাদেশ।’

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষার্র্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের হাতে যদি অকাট্য প্রমাণ থাকে, তাহলে বলেন। প্রমাণ না থাহলে অকারণে বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না।’

ইতালির নাগরিক তাবেলা সিজারে হত্যাকা-কে একটি ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, ‘এটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার শামিল। আইএসের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। আর এ বিষয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির একজন কূটনীতিবিদও একমত হয়েছেন। আমরা আশা করছি, অচিরেই এ ষড়যন্ত্রের দরজা খুলে যাবে।’

আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনায় সবার উপস্থিত থাকার আহ্বান সুরঞ্জিত সেন গুপ্ত।

জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.