Sylhet Today 24 PRINT

ত্রাণ বিতরণে অনিয়ম হলে ফৌজদারি মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে আয়-রোজগারের পথ বন্ধ হয়ে পরা দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণে অনিয়মের সঙ্গে সম্পৃক্ত জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. এরশাদুল হক স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাসের কারণে শহর ও গ্রামের বিপুল সংখ্যক মানুষের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে পড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজস্ব অর্থায়নে ত্রাণ কার্যক্রম যেমন চাল, নগদ অর্থ, শিশু খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করছে। এই কাজে সরাসরি যুক্ত রয়েছেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি এবং কর্মকর্তা ও কর্মচারীরা।

কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্র-পত্রিকার মাধ্যমে জানা যায় যে, কোথাও কোথাও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি এবং কর্মকর্তা ও কর্মচারীরা ত্রাণ বিতরণে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।

অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয় স্থানীয় সরকার বিভাগের ‘অতীব জরুরি’ ওই নির্দেশনায়।

বলা হয়, ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত জনপ্রতিনিধি এবং কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ প্রতিবেদন তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার বিভাগের পাঠানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদেরও অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.