Sylhet Today 24 PRINT

আজ রাতেই মাজেদের ফাঁসি কার্যকর হতে পারে

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২০

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদের ফাঁসি আজ (শনিবার) রাতে হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার রাতে তিনি এ তথ্য জানান।

খুনি মাজেদের ফাঁসির বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তোড়জোড়ের মধ্যে কবে নাগাদ ফাঁসি কার্যকর হতে পারে টা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আজকে রাতে হওয়ার সম্ভাবনা আছে।"

এদিকে বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চে মহড়া দিয়েছে জল্লাদরা।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রটি জানান, ফাঁসির মঞ্চে মহড়া সম্পন্ন হয়েছে ওই মহড়ায় নেতৃত্ব ছিলেন জল্লাদ শাজাহান সহ  আরো কয়েক জল্লাদ। এখন খুনি মাজেদের ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট যে সেনা সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করেছিল, মাজেদ তাদেরই একজন।

অনেক বাধা বিপত্তি পেরিয়ে সেই হত্যাকাণ্ডের বিচার শেষ হয় ২০০৯ সালের নভেম্বর মাসে। বিচারের সর্বোচ্চ আদালত থেকে ১১ জনের ফাঁসির রায় দেন। এরমধ্যে ২০১০ সালের ২৮ জানুয়ারি পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও মাজেদসহ ছয়জন পলাতক থেকে যান।

প্রায় ২০ বছরেরও বেশি সময় ভারতের পালিয়ে থাকার পর গত মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক সেনা কর্মকর্তা মাজেদ। তার দণ্ড কার্যকর করতে বুধবার ঢাকার জজ আদালত মৃত্যু পরোয়ানা জারি করে।

রায়ের বিরুদ্ধে আপিল করার সময় বহু বছর আগেই পেরিয়ে যাওয়ায় আবদুল মাজেদের সামনে সেই সুযোগ ছিল না। ফাঁসির দড়ি এড়ানোর শেষ চেষ্টা হিসেবে বুধবার সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার রাতেই সে আবেদন নাকচ করে দিলে মাজেদের দণ্ড কার্যকর করার পথে সব বাধা কাটে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.