Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে আইএসের পোস্টার লাগানোর সময় একজন আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০১৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস)'র প্রচারপত্র (পোস্টার) লাগানোর সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত যুবকের নাম মোহাম্মদ ফাহিম আল ফয়সাল ইবনে মূসা বিন যুলকার নাইন। সে আঠারবাড়ী ইউনিয়নের ফতেনগর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আঠারবাড়ী ইউনিয়নের ফতেনগর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোহাম্মদ ফাহিম আল ফয়সাল ইবনে মূসা বিন যুলকার নাইন ওরফে কিং ফয়সাল আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আজ শুক্রবার সে জঙ্গি সংগঠন আইএসের সমর্থনে সোহাগী স্কুল অ্যান্ড কলেজে প্রচারপত্র লাগায়।

 মধ্যপ্রাচ্যের ডাক শিরোনামে কয়েকটি কবিতা সম্বলিত প্রচারপত্র দেয়ালে লাগানোর সময় সোহাগী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হারুন অল রশিদ ও স্থানীয় এলাকার লোকজন তাকে আটক করে। পরে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন জানান, মোহাম্মদ ফাহিম আল ফয়সাল আইএসের সদস্য কিনা সে বিষয়ে তদন্ত চলছে। তাকে ময়মনসিংহ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: কালেরকন্ঠ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.