Sylhet Today 24 PRINT

আইনমন্ত্রীর মা আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২০

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী এবং বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক মারা গেছেন।

শুক্রবার রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জাহানারা হক গত বছরের ২৭ অক্টোবর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার জোহরের নামাজের পর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদে সীমিত পরিসরে পারিবারিকভাবে জাহানারা হকের জানাজা হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিন বছরের ব্যবধানে ভাই, বোনকে হারানোর পর মাকেও হারালেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হক।

২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার একমাত্র ছোট ভাই আরিফুল হক রনি। আর বড় বোন সায়মা ইসলাম মারা যান ২০১৮ সালের ১৫ জুলাই, ঢাকায়।

বিয়ের কিছুদিন পর ১৯৯১ সালের ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় স্ত্রী নূর আমাতুল্লাহ রিনা হককে হারান আইনমন্ত্রী। এরপর তিনি আর বিয়ে করেননি। তার কোনো সন্তান নেই।

তার বাবা অ্যাডভোকেট সিরাজুল হক মারা যান ২০০২ সালের ২৮ অক্টোবর। সাবেক এই সাংসদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

আইনজীবী সিরাজুল হক ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার চিফ প্রসিকিউটর। তার মৃত্যুর পর আনিসুল হক প্রসিকিউটর হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.