Sylhet Today 24 PRINT

বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট চায় মালয়েশিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বাংলাদেশ থেকে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট আমদানি করতে চায় মালয়েশিয়া। এ জন্য এই ট্যাবলেট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাংলাদেশকে অনুরোধ করেছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হুসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে এই অনুরোধ জানিয়েছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ কে আব্দুল মোমেনকে লেখা চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ জানান হিসামুদ্দিন তুন হুসেন।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

হিসামুদ্দিন তুন হুসেন বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ার নাগরিকদের সে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতার জন্য এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার সে দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে মালয়েশিয়া সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.