Sylhet Today 24 PRINT

ছুটিতে খোলা থাকবে ১৮টি অফিস, কলকারখানা চালুর সুযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটির মধ্যে ঢাকা ও সারা দেশে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সীমিত পর্যায়ে খোলা রাখা হবে।

আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাধারণ ছুটির এই সময়ে সরকারি অফিসের কর্মকর্তারা আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

বিজ্ঞাপন



একই সঙ্গে অন্যান্য জরুরি সেবার পাশাপাশি ওষুধশিল্প, উৎপাদন ও রপ্তানিসহ সব কলকারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে চালু রাখতে পারবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

যেসব অফিস খোলা থাকবে সেগুলো হলো- প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি, বাণিজ্য, খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প কারখানা, কৃষি ও উৎপাদন এবং সরবরাহব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ে উন্মুক্ত করা হবে। প্রয়োজন বিবেচনায় বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফার সাধারণ ছুটি দেওয়া হয়। পরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। এরপর তৃতীয় দফা ১৪ এপ্রিল এবং চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। বৃহস্পতিবার পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.