Sylhet Today 24 PRINT

গণস্বাস্থ্যের কিট শনিবার সরকারের হাতে হস্তান্তর করা হবে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২০

নিজেদের তৈরি কিটের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষায় সফলতা পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার সরকারের হাতে নমুনা কিট তুলে দেওয়া হবে। এসব কিট পরীক্ষা শেষে অনুমোদনের পর কিট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য জানান।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমরা খুব ভালো সফল হয়েছি। রক্ত পরীক্ষা করার পর আমরা শতভাগ সফল হয়েছি। আমরা আগামীকাল নমুনা দিচ্ছি, যাতে তারা পরীক্ষা করতে পারে। পরীক্ষা করার পর অনুমোদন দেওয়ার পরে প্রথমে দেব ১০ হাজার, পরে এক লাখ কিট দেব। এবং পর্যায়ক্রমে বাড়তে থাকবে।

বিজ্ঞাপন



গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, শনিবার বেলা ১১টায় ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের (বাড়ি-১৪/ই, সড়ক-৬) ষষ্ঠতলায়, গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীরবিক্রম মিলনায়তনে সরকারের প্রতিনিধিদের কাছে এই কিট হস্তান্তর করা হবে।

কিটের নমুনা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), আর্মি প্যাথলজি ল্যাবরেটরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) বেশ কিছু প্রতিষ্ঠানকে দেওয়া হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের এর আগের ব্যাচের কিট বৈদ্যুতিক গোলযোগের কারণে নষ্ট হয়ে যায় উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘গতবার বিদ্যুতের যে সমস্যা হয়েছিল, সেটা বিদ্যুতের চেয়ারম্যান জানার পরে আমাদের অগ্রাধিকার দিয়ে বলেছেন, বিদ্যুৎ বন্ধ করার আগেই আমাদের জানাবেন। যাতে আমাদের ক্ষতি না হয়। তারা বিদ্যুতের বিষয়টি এবার সাহায্য করেছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.