নিউজ ডেস্ক | ০৫ অক্টোবর, ২০১৫
‘আইসিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার (০৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ খেতাবের জন্য ঘোষণার পরের বৈঠকটিতেই তাকে অভিনন্দন জানানো হয়েছিল।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, এ খেতাব ও পুরস্কার জাতির সম্মান বয়ে এনেছে বলে সভায় প্রধানমন্ত্রীকে অভিনন্দিন জানানো হয়। প্রধানমন্ত্রীর এ অর্জন ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে দেশের তরুণ সমাজ। তাই তিনি তরুণ প্রজন্মকে আইসিটি পুরস্কারটি উৎসর্গ করেছেন।
সভায় প্রস্তাবিত ‘মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন-২০১৫’ অধ্যাদেশ আকারে জারির প্রস্তাব অনুমোদন হয়েছে।
এ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি অত্যন্ত জরুরি বিষয়। ১১-১২ অক্টোবর ‘এশিয়ান প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং’-এর একটি মিশন বাংলাদেশ সফর করবে। এসময় আমরা আমাদের কার্যক্রম ও পদেক্ষপগুলো তাদেরকে দেখাতে পারবো।
কেবিনেটের বিষয় না হলেও গুরুত্বপূর্ণ অন্য একটি বিষয় সভায় আনা হয় বলে জানান মোশাররাফ।
তিনি বলেন, সরকারি ছুটির তালিকাটিতে ২৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি দেওয়া রয়েছে, কিন্তু এটি ২২ অক্টোবর পালিত হবে। অনেক সময় ঈদের তারিখও বদলে যায়।
এছাড়াও মন্ত্রিসভার ৭৯তম এ বৈঠকে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।