Sylhet Today 24 PRINT

দাবির মুখে একদিন এগোলো বিজয়া দশমীর ছুটি

নিজস্ব প্রতিবেদক |  ০৫ অক্টোবর, ২০১৫

একদিন এগিয়ে বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর ঘোষণা করেছে সরকার। বিদ্যমান সরকারি ছুটির তালিকায় এটি ২৩ অক্টোবর হিসেবে দেওয়া রয়েছে।

এবছর দূর্গাপূজার নবমী ও দশমী একইদিনে হওয়ায় ছুটি একদিন এগিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা। দশমীর পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করায় ক্ষোভ বিরাজ করছিলো তাদের মধ্যে।

অবশেষে আজ (সোমবার) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ছুটি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

তিনি বলেন, সরকারি ছুটির তালিকায় ২৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি দেওয়া রয়েছে, কিন্তু এটি ২২ অক্টোবর হবে।

সচিব বলেন, কেবিনেটের বিষয় না হলেও ছুটি সংক্রান্ত এ বিষয়টি জরুরি বলে আলোচনায় তোলা হয়।

এছাড়াও মন্ত্রিসভার ৭৯তম এ বৈঠকে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.