Sylhet Today 24 PRINT

আইএস দমনে যৌথ উদ্যোগ প্রয়োজন, আমরা সহযোগীতায় প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৫

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ‘আইএসসহ সহিংস উগ্রবাদ দমনে যৌথ উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশে আইএসের উত্থান মোকাবিলার জন্য যা যা করা দরকার, তা সবই আমাদের আছে। বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় আমরা সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদ দমনে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছি আর অংশীদারত্বের ক্ষেত্রে আমাদের অঙ্গীকার জোরালো করেছি। আমরা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে একসঙ্গে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ যদি ইতালি ও জাপানের নাগরিক হত্যার তদন্তে রহস্য উদ্‌ঘাটনে সহযোগিতা চায়, আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি।’

মার্শা বার্নিকাট বলেন, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভ্রমণবিষয়ক সতর্কতা হালনাগাদ করেছি। আমরা ওই বার্তায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ থেকে চলে যেতে বলিনি আবার আসতেও নিষেধ করিনি। শুধু বাংলাদেশে অবস্থানের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছি।

দুই বিদেশি নাগরিক হত্যার পর আইএসের ঘটনার দায়িত্ব স্বীকারের দাবির ব্যাপারে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘যখনই আইএস বা আল কায়েদা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে কৃতিত্ব দাবি করে, তখন আমরা সেগুলোর সত্যতা উদ্‌ঘাটনের চেষ্টা করে থাকি। এটি আমাদের ও আমাদের অংশীদারত্বের বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী তৎপরতা খুঁজতে সহায়তা করে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.