Sylhet Today 24 PRINT

অপপ্রচারের পর বিদ্যানন্দের প্রধান কিশোর কুমারের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০২০

বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান ‘বিদ্যানন্দ'। করোনাসঙ্কটের সময়েও প্রশংসিত হচ্ছে প্রতিষ্ঠানটির উদ্যোগ। বিদ্যা বা শিক্ষা দিয়ে শুরু হলেও ধর্মকে ব্যবহার করে সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার শুরু করে একটি উগ্রবাদী গোষ্ঠি। টানা অপপ্রচারের কারণে সেবামূলক এই প্রতিষ্ঠানের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিশোর কুমার দাশ। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়ক বিষয় নিয়েই কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থাটি। এছাড়াও সংগঠনের এক টাকায় আহার নামের একটি প্রকল্প বেশ প্রশংসিত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) সকালে বিদ্যানন্দের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রতিষ্ঠান প্রধানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

ওই ঘোষণা পত্রে বলা হয়, বিদ্যানন্দ নামটি দিয়েছেন এক মুসলিম ব্র্যান্ড এক্সপার্ট। 'আনন্দের মাধ্যমে বিদ্যা অর্জন' স্লোগানে তিনি এই নাম দিয়েছিলেন। অনেকেই ব্যক্তির নাম থেকে বিদ্যানন্দ নামের উদ্ভব ভেবে ভুল করেন। এজন্য আমরা নামটাই পরিবর্তন করতে চেয়েছি, কিন্তু স্বেচ্ছাসেবকরা রাজী হয় না।

বিদ্যানন্দের প্রবাসী উদ্যোক্তা সশরীরে খুব অল্পই সময় দিতে পারেন। ৯০ ভাগ মুসলিম স্বেচ্ছাসেবকরাই চালিয়ে যান বিশাল কর্মযজ্ঞ। তবুও উদ্যোক্তার ধর্ম পরিচয়ে অনেকেই অপপ্রচার চালায় মিথ্যা তথ্য দিয়ে। সে সমস্যাও আশা করি সমাধান হয়ে যাবে। বিদ্যানন্দ প্রধান গত মাসেই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বিষয়টি আমরা প্রকাশ করতে চেয়েছিলাম কভিড-১৯ ক্যাম্পেইনের পরে।

ঘোষণায় বলা হয়, ত্যাগের উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানের যাত্রা। আর্থিক, সামাজিক কিংবা ব্যক্তিগত ত্যাগে স্বেচ্ছাসেবকরা রচনা করে অনুপ্রেরণার গল্পগুলো। নিশ্চিত থাকেন, তাঁদের সে যাত্রা অব্যাহত থাকবে আগামীতেও। ক্ষমা চাচ্ছি এই হতাশার বার্তার জন্য। গত মাসের এই সিদ্ধান্তটি আমরা প্রকাশ করতে চেয়েছিলাম কভিড-১৯ ক্যাম্পেইনের পর। কিন্তু অনেকগুলো পেজ থেকেই প্রচুর ন্যাগেটিভ লেখা শেয়ার হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাম্পেইনটি। তাই শেয়ার করতে বাধ্য হয়েছি।

কিশোর কুমার দাশ-এর পদ থেকে সরে যাওয়ার ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.