Sylhet Today 24 PRINT

২৯ হাজার প্রবাসী শিগগিরই দেশে ফিরবেন: মোমেন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০২০

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আগামী কয়েক সপ্তাহে ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী নাগরিক দেশে ফিরবেন।

বুধবার ( ৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসী নাগরিকদের জন্য করণীয় নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে এক ভিডিওবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, মধ্যপ্রাচ্য থেকে অনেকেই দেশে ফিরছেন। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে তিন হাজার ৬৯৫ জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন।

‘মধ্যপ্রাচ্যে যারা জেলে ছিলেন তাদের সেখানে মাফ করে দেওয়া হয়েছে। কুয়েত সরকার অনিবন্ধিত শ্রমিকদের ক্ষমা করে দিয়েছেন। সেখানে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি অনিবন্ধিত রয়েছেন। আমরা তাদের ফেরত নিয়ে আসবো।’

মন্ত্রী বলেন, মালদ্বীপে প্রবাসীদের অসুবিধা যেন না হয়, সেখানে আমরা খাবার পাঠিয়েছি। আগামীকাল সেখান থেকে ৪শ বাংলাদেশি দেশে ফিরবেন।

‘কুয়েত থেকে বাংলাদেশিরা ফিরবেন। ওমান থেকে ফিরবেন। সৌদি আরব থেকে চার হাজার বাংলাদেশি ফিরবেন। ইরাকে অনেক লোকের চাকরি চলে গেছে। আমরা সেটা দেখছি।’

তিনি জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কেউ করোনা ভাইরাসে মারা গেলে সেখান থেকে মরদেহ দেশে আনা যাবে না। তারা তাদের দেশে দাফন করবে। তবে অন্য কোনো দেশ থেকে পাঠালে সেই মরদেহ পরিবারের কেউ দেখতে পাবেন না। তাই আমরা চাই, যেখানেই কেউ মারা যান, সেখানেই দাফন করা প্রয়োজন। সেটা হলেই ভালো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.