Sylhet Today 24 PRINT

করোনায় মারা যাওয়া সাংবাদিকের সহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০২০

মাহমুদুল হাকিম অপু

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের সহকর্মী ও পত্রিকাটির সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু মারা গেছেন।

এক সপ্তাহ ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। তবে তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়নি। সপ্তাহখানেক আগে একই পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা গিয়েছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) ভোরে বনশ্রীতে নিজ বাসায় মারা যান অপু। তার ভাই শওকত উল হাকিম জানান, রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শওকত উল হাকিম বলেন, ভোরে ঘুমের মধ্যেই মারা যায় অপু। তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ছিল কি না, তা মৃত্যুর আগে জানা যায়নি।

এর আগে, ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার স্ত্রী ও ছেলের শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.