Sylhet Today 24 PRINT

মসজিদে জামাত নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রশংসায় চরমোনাই পির

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০২০

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই

করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় মসজিদে জামাত আদায়ে সরকারি বিধিনিষেধ তুলে দেওয়ায় সরকারের প্রশংসা করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই। তিনি বলেছেন, সরকার ধীরে ধীরে সবকিছু খুলে দিচ্ছে। এ মুহূর্তে মসজিদগুলো বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। রমজান মাসের সঙ্গে মসজিদের সম্পর্ক খুবই গভীর। মসজিদগুলো খুলে দেওয়া অবশ্যই প্রসংশনীয় সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পির সাহেব চরমোনাই বলেন, যে মুহূর্তে দেশব্যাপী করোনা মহামারি আকার ধারণ করেছে এবং ক্রমেই তা মারাত্মক রূপ নিচ্ছে, এমতাবস্থায় মুসল্লিদেরকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে মসজিদে যেতে হবে। বাসা থেকে অজু করে মসজিদে যেতে হবে এবং ফরজ নামাজ ও তারাবি পড়ে বাসায় ফিরে যেতে হবে।

স্বাভাবিক সময়ের চেয়ে একটু ফাঁকা ফাঁকা হয়ে কাতারবন্দি হতে হবে। অসুস্থ ব্যক্তি, বেশি বয়স্ক ও নাবালেগ বাচ্চারা মসজিদে যাবে না।

পির সাহেব মসজিদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে মসজিদকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে এবং জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে পির সাহেব চরমোনাই করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে সবাইকে বেশি বেশি কান্নাকাটি করারও আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.