Sylhet Today 24 PRINT

কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০২০

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার আহমেদ কবির কিশোর ও মুশতাক আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৬ মে) পুলিশ দুজনকে ঢাকার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম বেগম মাহমুদা বেগম।

কার্টুনিস্ট কিশোর রাজনৈতিক কার্টুন এঁকে থাকেন, আর ব্যবসায়ী মুশতাক অনলাইনে লেখালেখিতে সক্রিয়। র‌্যাব মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে রমনা থানায় হস্তান্তর করে। র‌্যাবের করা এই মামলায় কিশোর ও মুশতাককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো আবেদন পুলিশের পক্ষ থেকে করা হয়নি।

সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা এসআই প্রণয় কুমার সরকার ও নিজাম উদ্দিন ফকির জানান, রিমান্ডের আবেদন না থাকায় অভিযুক্তদের কোর্ট হাজত থেকে এজলাসে তোলা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই জামশেদুল ইসলাম আদালতে পাঠানো প্রতিবেদনে বলেন, কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ নামের ফেসবুক একাউন্টে করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। আর মুশতাক তার ফেইসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেন। তিনি দুজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.