Sylhet Today 24 PRINT

পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমেই কর্মচারীদের বেতন পরিশোধের আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০২০

করোনাভাইরাসের প্রভাবে দোকানপাট বন্ধ থাকলেও কর্মচারীরা তাদের বেতন পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

হেলাল উদ্দিন বলেন, ‘যেসব দোকান ও মার্কেট রমজান উপলক্ষে বন্ধ রাখা হবে কর্মচারীরা সেক্ষেত্রে অবশ্যই তার বেতন পাবেন। তারা আমাদের ডে লেবার নয়, কন্ট্রাক্ট বেসিসে চাকরি করছেন; তারা চাকুরীজীবী। সেক্ষেত্রে আমরা মালিককে অনুরোধ করবো যেটুকু পারেন, আমি এটাও মনে করি সব মালিকের কাছে হয়তো পর্যাপ্ত টাকা নাই। সেক্ষেত্রে যতটুকু পারেন, পারস্পারিক বোঝাপড়ার মধ্য দিয়ে তা পরিশোধ করবেন।’

সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ উপলক্ষে আগামী ১০ মে থেকে শপিং মল ও দোকানপাট খোলার কথা রয়েছে। তবে এরইমধ্যে বসুন্ধরা শপিং মল ও যমুনা ফিউচার পার্ক না খোলার ঘোষণা এসেছে। চন্দ্রিমা ও নিউমার্কেট খোলা হবে কিনা ৯ তারিখ সেই সিদ্ধান্ত নেওয়া হবে। বেশিরভাগ দোকানিই মনে করছেন, এই মুহূর্তে দোকানপাট খুলে খুব একটা লাভ হবে না। গণপরিবহণ বন্ধ থাকায় যেমন পাওয়া যাবেনা ক্রেতা, তেমনি বিক্রির সময় সামাজিক দূরত্ব বজায় রাখাও সম্ভব হবে না।’

আবার বর্তমানে বেশিরভাগ শপিং মল বা শো-রুম শীতাতপ নিয়ন্ত্রিত। এসিতে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হওয়ার ঝুঁকি থাকায় ওইসব মার্কেটও বন্ধ রাখতে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। ফলে বেশিরভাগ দোকান ও শপিং মল বন্ধ থাকা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরও বন্ধ থাকা দোকানপাটের কর্মচারীদের বেতন দিতে অনুরোধ জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.