Sylhet Today 24 PRINT

গাড়ি থেকে ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা খোয়া, আটক ৪

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০২০

পুরান ঢাকার ইসলামপুরে ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা খোয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের দুই নিরাপত্তাকর্মী, একজন এক্সিকিউটিভ অফিসার ও এক গাড়ি চালককে আটক করা হয়েছে। রোববার (১০ মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, টাকা বহনকারী গাড়িটি পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে টাকা সংগ্রহ করছিল। এ সময় গাড়িতে চালকসহ ব্যাংকের দুইজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী ও একজন এক্সকিউটিভ অফিসার ছিলেন।

বিজ্ঞাপন

দুপুরের দিকে বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে ইসলামপুর শাখায় আসে গাড়িটি। ওই শাখা থেকেও টাকা গাড়িতে তোলা হয়। এর পরই গাড়ি মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে রওনা হয়।

কিছু দুর আসার পরই গাড়িতে থাকা নিরাপত্তা কর্মীরা টাকার একটি বস্তা পাওয়া যাচ্ছে না বলে চিৎকার দিয়ে ওঠেন। তাতে ৮০ লাখ টাকা ছিল।

ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করে। এর পরই টাকা বহনকারী গাড়িতে থাকা চারজনকেই আটক করে কোতোয়ালি থানায় নেয়া হয়।

পুলিশের লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, টাকা বহনের সময় গাড়িতে থাকা চারজনকে থানায় নেয়া হয়েছে। টাকা খোয়া যাওয়ার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ন্যাশনাল ব্যাংকের ডিএমডি এ এস এম বুলবুল বলেন, এক শাখা থেকে আরেক শাখায় টাকা নেয়ার ক্ষেত্রে হিসেবের ত্রুটি হয়ে থাকতে পারে। সোমবার বিষয়টি পুরোপুরি জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.