Sylhet Today 24 PRINT

করোনায় ইউরোপ-আমেরিকার তুলনায় বাংলাদেশ ভালো: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণের দিক দিয়ে ইউরোপ-আমেরিকার তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৩ মে) রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে করোনাভাইরাস মোকাবিলায় সদ্য নিয়োগ পাওয়া দুই হাজার চিকিৎসকের যোগদানবিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে কোভিড-১৯ বিভিন্ন পর্যায়ে হানা দিয়েছে। ইউরোপ-আমেরিকায় আপনারা দেখেছেন কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।’

কোভিড-১৯ সদ্য নিয়োগ পাওয়া চিকিৎসকদের জন্য আশীর্বাদ বলে মন্তব্য করেন জাহিদ মালেক। এর কারণ হিসেবে তিনি বলেন, কোভিড-১৯ মোকাবিলা করার জন্যই তারা নিয়োগ পেয়েছেন।

সব রোগীকে চিকিৎসা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল থেকে রোগী ফেরত যাওয়া মানে একটি অপরাধ। কোভিড-১৯ এবং অন্য সব রোগীর চিকিৎসা সেবা দিতে সদ্য নিয়োগ পাওয়া চিকিৎসকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগ মোকাবিলায় সরকার ৩৯তম বিএসএস (বিশেষ) থেকে দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়ে ৪ মে প্রজ্ঞাপন জারি করে। এরপর গতকাল মঙ্গলবার তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। এর আগে এই দুই হাজার চিকিৎসক নন–ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও বিদ্যমান পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে তাদের ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া একই উদ্দেশ্যে ৫ হাজার ৫৪ জন জ্যেষ্ঠ স্টাফ নার্স নিয়োগ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.