Sylhet Today 24 PRINT

শহরে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ করা হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০২০

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে শহরের মধ্যে ব্যক্তিগত গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কথা ভাবছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমনটি জানিয়েছেন। সাধারণ ছুটি আরও বাড়ানোর  কথাও ভাবছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ঈদের ছুটির আগের চার দিন আর পরের দুই দিন মিলে এই সাধারণ ছুটি বাড়বে।

ঈদের ছুটি রয়েছে ২৪, ২৫ ও ২৬ মে। সেক্ষেত্রে ২৮ মে তারিখ পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণ ছুটি হবে ৩০ মে পর্যন্ত। গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি চলছে।

বিজ্ঞাপন



সাধারণ ছুটির সময় কড়াকড়ি থাকবে এবং এ সময় গণপরিবহন যেমন বন্ধ থাকবে, তেমনই কোন ধরনের ব্যক্তিগত গাড়িও এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে পারবে না এবং শহরের মধ্যে এগুলোর চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, খুব দ্রুতই ছুটির প্রজ্ঞাপন জারি হতে পারে। ওই প্রজ্ঞাপনে ছুটির শর্তগুলো জানিয়ে দেয়া হবে।

এর আগে সর্বশেষ সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ২৬ মার্চ থেকে প্রথম দফার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.