Sylhet Today 24 PRINT

ফের সিঙ্গাপুরে ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৫

চিকিৎসার জন্যে দেশের বাইরে যেতে হবে এ যুক্তিতে জামিন এবং জামিনের মেয়াদ বৃদ্ধির পর ফের চিকিৎসার জন্যে সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে জামিনে মুক্তি নিয়ে এক দফায় ঘুরে এসে এরপর কয়েকটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।  

শনিবার (১৭ অক্টোবর) সকালে বিমানের নিয়মিত একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন এই বিএনপি নেতা। তার সঙ্গে স্ত্রী রাহাত আরাও রয়েছেন।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ফখরুল বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন এবং স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

আগামী ২১ অক্টোবর ভারপ্রাপ্ত মহাসচিব দেশে ফিরবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।  

মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় তার চিকিৎসা নিতে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের দেখিয়ে ঈদুল আযহার আগে গত ২১ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন ফখরুল।

দুটি ব্লক থাকলেও রক্ত সঞ্চালন মোটামুটি অব্যাহত থাকায় এবং ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।

বছরের শুরুতে গ্রেপ্তার হয়ে নাশকতার কয়েকটি মামলায় প্রায় সাত মাস কারাগারে ছিলেন বিএনপির মুখপাত্র। অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ আদালত জামিন দিলে গত জুলাই মাসে ছাড়া পান তিনি।

এরপর ২৭ জুলাই তিনি সিঙ্গাপুরে যান, সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পরে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.