পরীক্ষার সময়েও চলবে অবরোধ
রিজভী বলেন, শিক্ষামন্ত্রী ১৫ লাখ পরীক্ষার্থীর ভাগ্যের কথা বলে হরতাল অবরোধ প্রত্যাহার করতে বিএনপি ও জোটকে আহবান জানিয়েছেন কিন্তু তারা দেশের ১৬ কোটি মানুষের কথা চিন্তা করেননি।
নিউজ ডেস্ক | ৩০ জানুয়ারী, ২০১৫
দেশব্যাপী চলমান অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সরকার দলের বিভিন্ন এমপি, মন্ত্রী ও দেশের বিভিন্ন ব্যক্তি, সংগঠনের অবরোধ-হরতাল প্রত্যাহার আহ্বানের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
রিজভী বলেন, শতকরা ৫ ভাগ ভোট নিয়ে আওয়ামী মহাজোট অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের দুর্ভোগের কারণ হয়ে আছে, ১৬ কোটি জনগণের ভাগ্যের কথা ভেবে ভোটারবিহীন সরকার পদত্যাগ করলেই তো দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।
রিজভী বলেন, শিক্ষামন্ত্রী ১৫ লাখ পরীক্ষার্থীর ভাগ্যের কথা বলে হরতাল অবরোধ প্রত্যাহার করতে বিএনপি ও জোটকে আহবান জানিয়েছেন কিন্তু তারা দেশের ১৬ কোটি মানুষের কথা চিন্তা করেননি।
পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারে শিক্ষামন্ত্রীর আহবান নাকচ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব শুক্রবার দলীয় প্যাডে পাঠানো এক বিবৃতিতে বলেন, তাদের ‘শান্তিপূর্ণ’ অবরোধ অব্যাহত থাকবে।
“শিক্ষামন্ত্রী ১৫ লাখ পরীক্ষার্থীর ভাগ্যের কথা বলে হরতাল-অবরোধ প্রত্যাহার করতে বিএনপি ও ২০ দলীয় জোটের প্রতি আহবান জানিয়েছেন। এই অবৈধ সরকার পরীক্ষার ফলাফল অস্বাভাবিক, অতিরিক্ত কৃতকার্য দেখানোর জন্য শিক্ষার্থীদের পড়াশুনা ও প্রতিযোগিতার মূল দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে জাতিকে পঙ্গু বানিয়ে ফেলেছে। তারা আবার পরীক্ষার্থীদের ভাগ্যের কথা বলে”- বিবৃতিতে জানান রিজভী।
এদিকে, অবরোধ কর্মসুচি অব্যাহত রাখার ঘোষণা দিলেও পরীক্ষার সময়সূচি পরিবর্তন হবে না বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অবরোধকালীন সময়ে পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.