সিলেট ল’ কলেজ ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া,উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক | ৩১ জানুয়ারী, ২০১৫
সিলেট ল’ কলেজের ছাত্রলীগের সম্মেলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে কলেজ ক্যাম্পাসে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার ও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার চৌধুরীর অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ১ ফেব্রুয়ারি সিলেট ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার অনুসারীরা একটি প্রচার মিছিল বের করার প্রস্তুতি নেয়। এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ও ল’ কলেজের ছাত্র সঞ্চয় কুমার চৌধুরী অনুসারীরা তাদের ধাওয়া দেয়। ধাওয়াকে রাহাত অনুসারীরা ক্যাম্পাস ত্যাগ করে। পরে সঞ্জয় অনুসারীরা ক্যাম্পাসে অবস্থান নেয়। বিকাল সাড়ে ৪টায় পর্যন্ত সঞ্জয় অনুয়ারীরা ক্যাম্পাসে অবস্থানে ছিল।
এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার ধাওয়া-পাল্টা ধাওয়ার সত্যতা স্বীকার করে সিলেট টুডে ২৪ কে বলেন, "গঠনতন্ত্র অনুযায়ী সিলেট ল’ কলেজে আগামীকাল সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ব্যাক্তি স্বার্থ হাসিল করতে মুষ্টিমেয় কিছু বিশেষ সুবিধাভোগী লোক এই সম্মেলনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে।"
তিনি আরো বলেন, ‘যদি কেউ কোন ধরণের বিশৃঙ্খলা করার চেষ্টা করে তা হলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ও ল’ কলেজের ছাত্র সঞ্জয় কুমার চৌধুরী বলেন, "মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার কাউকে না বলে নিজ ইচ্ছায় সম্মেলনের আয়োজন করেছেন। এটা কলেজের অধ্যয়নরত ছাত্রলীগ নেতারা মেনে নিতে পারছেন না। তাই তার বিরোধীতা করছেন।"
তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.