Sylhet Today 24 PRINT

হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ১৬ এপ্রিল, ২০২১

হেফাজত ইসলামের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে লালবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালের নাশকতা ও সম্প্রতি সহিংস ঘটনার অভিযোগ রয়েছে। তিনি মামলারও আসামি। আসামি হিসেবে তাকে শুক্রবার বিকেলে লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জুবায়ের বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বড় জামাতা।

এরআগে গত কয়েকদিনে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় করা মামলাগুলোতে অভিযুক্ত হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহপ্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৩ সালের সেই সহিংসতার ঘটনার পরপরই গ্রেপ্তার হলেও আট বছর ধরে জামিনে আছেন হেফাজতের এখনকার আমির জুনাইদ বাবুনগরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.