Sylhet Today 24 PRINT

ধর্মীয় নেতা নন, দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হচ্ছে: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক: |  ২০ এপ্রিল, ২০২১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার কোনো আলেম বা ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করছে না, গ্রেপ্তার করছে দুষ্কৃতিকারীদের।’

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীতে সরকারি বাসভবন থেকে বাংলাদেশ সংবাদ সংস্থা ও এটুআই আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক অনলাইন কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

যে সমস্ত দুষ্কৃতিকারী ২৬ থেকে ২৮ মার্চ সমগ্র দেশে তাণ্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দিয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে, ফায়ার স্টেশন, রেলস্টেশনে হামলা করে ক্ষতি করেছে এবং যারা মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের এবং তাদের নির্দেশদাতাদের সরকার গ্রেপ্তার করছে বলে জানান ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘কোনো ভালো আলেম এসব অপরাধের সঙ্গে যুক্ত ছিলো না, আলেমের মুখোশধারীরাই এসবে যুক্ত এবং সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে।’

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বরাবরই বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে, অপশক্তি নিয়ে রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, দেশকে আফগানিস্তান বানাতে চায়, তাদেরকে নিয়ে বিএনপি রাজনীতি করে। মামুনুল হক যেভাবে রাসুল (সাঃ)-কে ব্যঙ্গ করেছে, এটা যদি অন্য কেউ করতো, হেফাজতের নেতারা সারাদেশে মিছিল-মিটিং-শোরগোল করতেন আর মির্জা ফখরুল সাহেবরাও তাতে সুর মিলাতেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবার হেফাজতে ইসলামের নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘সরকারের সঙ্গে কেউ দেখা করতে চাইলে, দেখা করতেই পারে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন। কিন্তু তাতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণে কোনো ব্যত্যয় হবে না।’


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.