Sylhet Today 24 PRINT

বাংলাদেশ সনাতন পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২২

সনাতন সম্প্রদায়ের ‘অস্তিত্ব রক্ষা এবং রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে’ বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার মধ্য দিয়ে দলটি আনুষ্ঠানিক যাত্রা করে।

আলোচনা সভা শেষে ব্যবসায়ী সুশান্ত চন্দ্র বর্মনকে বিএসপির সভাপতি এবং আইনজীবী সুমন কুমার রায়কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

স্বাগত বক্তৃতায় বিএসপি সদস্য সন্তোষ মাহাতো বলেন, “বর্তমান সরকার সনাতন সম্প্রদায়ের সুরক্ষা প্রদান করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সনাতন সম্প্রদায় রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) আগামী দিনে সনাতন সম্প্রদায়ের ‘অস্তিত্ব’ রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

বিএসপির সদস্য সচিব অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, “আগামী দিনে বাংলাদেশের সনাতন সম্প্রদায় কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হবে না।

২০০১ সাল থেকে এখন পর্যন্ত সাম্প্রদায়িক সব নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করে বিএসপি আহ্বায়ক সুশান্ত চন্দ্র বর্মন বলেন, ভবিষ্যতে যাতে রামু, নড়াইলের মতো জঘন্য ঘটনা না ঘটে, সেই বিষয়ে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।

সভায় প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.