Sylhet Today 24 PRINT

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আ’ লীগ নেতা-কর্মীরা

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০২৩

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠেয় আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।

বুধবার (১২ জুলাই) বিকেল ৩টায় ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এই সমাবেশ হবে। সমাবেশ ঘিরে দুপুর ১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান, বাস, পিকাপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের মাধ্যমে সমাবেশস্থলে জড় হচ্ছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশস্থলে ঢোকার সময় তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখা গেছে। একইসঙ্গে তারা দলীয় স্লোগানও দিচ্ছেন।

যৌথভাবে এই সমাবেশের আয়োজন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। মোহাম্মদপুর আওয়ামী লীগের একটি মিছিল সমাবেশস্থলে আসতে দেখা যায়। একইসঙ্গে যাত্রাবাড়ী, মিরপুর, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন। এ ছাড়া, বঙ্গভবন মোড় এলাকাতেও মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে যেতে দেখা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.