Sylhet Today 24 PRINT

গাবতলীতে আটক আমানউল্লাহ আমান

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২৩

ছবি: সংগৃহীত

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে পুলিশের জিপে করে তুলে নিয়ে গেছে পুলিশ। তবে পুলিশ বলছে আমানকে গ্রেপ্তার নয়, তাকে জিজ্ঞাসাবাদের জন্যে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গাবতলী থেকে তাকে নিয়ে যাওয়া হয়।

এদিন গাবতলীতে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি চলছিল আওয়ামী লীগ ও বিএনপির। এসময় দুই দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী ধস্তাধস্তি হয়। এসময় আমান উল্লাহ আমান অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। তখন পুলিশ তাকে সেখান থেকে গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় আমানের আশপাশে থাকা বিএনপির অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশের উপকমিশনার (মিরপুর বিভাগ) জসিম উদ্দীন মোল্লা সাংবাদিকদের জানান, আমানকে গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে।

এদিকে গাবতলীতে ঢাকার প্রবেশমুখ এলাকায় অবস্থান নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগান দিচ্ছেন।

বিএনপির ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচির একই দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগও ঢাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছে।

ঢাকার প্রবেশমুখগুলোতে বড় দুই দলের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকেই শক্ত অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.