Sylhet Today 24 PRINT

অর্থমন্ত্রীকে ‘উজিরে খামাখা’ বললেন জাপা এমপি শামীম হায়দার

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২৩

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী

সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতির সমালোচনা করে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, অর্থমন্ত্রী উজিরে খামোখা হয়ে গেছেন, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন; এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।

বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল পাসের আলোচনায় অংশ নিয়ে শামীম হায়দার এ মন্তব্য করেন।

বিলটি অর্থমন্ত্রীর তোলার কথা থাকলেও তিনি সংসদে ছিলেন অনুপস্থিত। অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে বিলটি সংসদে তোলেন আইনমন্ত্রী আনিসুল হক। চলতি অধিবেশনে অর্থমন্ত্রীর পক্ষে বেশ কয়েকটি বিল তুলেছেন আইনমন্ত্রী।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘কোনো কাজে ওনাকে (অর্থমন্ত্রী) পাওয়া যায় না। অর্থনৈতিক সংকট চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামাখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামাখা হয়ে গেছেন, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, রাজনৈতিক সংকট আওয়ামী লীগ ভালোমতো মোকাবিলা করেছে। এখনো হয়তো পারবে। কিন্তু অর্থনীতি সরকারের একার বিষয় নয়। এটি বৈশ্বিক বিষয়। বাংলাদেশ ঋণের জালে পড়ে যাচ্ছে।

কতিপয় মালিক নামদারী লোক ব্যাংকগুলো খালি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। তিনি বলেন, এমন হয়েছে যে ব্যাংকের মালিক ৪০০ কোটি টাকা নিয়েছেন, কিন্তু তার সুদ মাফ হয়ে গেছে। অথচ ৫০ হাজার টাকা ঋণ নিলে কৃষকের সুদ মাফ হয় না। এটা খুবই দুঃখজনক। এসব অনিয়ম অর্থমন্ত্রী দূর করতে পারেননি।

মুজিবুল হক বলেন, সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ঋণের এক হাজার কোটি টাকা মেরে বিদেশে চলে গেছেন। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছেন, এটার কোনো বাছবিচার নেই। তারা টাকা মেরে চলে গেছেন, সেগুলো দেশে নেই। তারা ডলার কিনে বিদেশে পাচার করেছেন। এ জন্য রাষ্ট্র ডলারের সংকটে পড়েছে।

মুজিবুল হক বলেন, ‘অনেকেই মনে করেন ব্যাংক থেকে ঋণ নিলে টাকাটা ফেরত দেওয়া লাগবে না। না দিলেও সমস্যা হয় না। অর্থমন্ত্রী পাঁচটা বছর কী করেছেন, জানি না। এত করে বললাম, তদন্ত করেন, প্রয়োজনে সংসদীয় কমিটি করেন, কিন্তু তিনি কানেই নিলেন না।’

পরে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩’ জাতীয় সংসদে পাস হয়। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে এই বিল পাস করেছে জাতীয় সংসদ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি পাস হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.