Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবীদের কটুক্তি: গয়েশ্বরের বিরুদ্ধে মানহানি মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৬

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটুক্তি করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও  মার্কেন্টাইল ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মনিন্দ্র কুমার নাথ ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

বেলা ১১টা নাগাদ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। 

উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর ঢাকায় দলের এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘তারা নির্বোধের মতো মারা গেলো, আমাদের মতো নির্বোধরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। ওনারা যদি এতো বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত তারা নিজের ঘরে থাকে কি করে, একটু বলেন তো।’ 

তিনি আরো বলেছিলেন, ‘যুদ্ধাপরাধীর বিচারটা করেছেন ভালো। এরা (বুদ্ধিজীবী) যে শেষদিন পর্যন্ত পাকিস্তান সরকারের বেতন-ভাতা খাইছে নির্বোধের মতো।’ 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.