Sylhet Today 24 PRINT

সিপিবি থেকে মনজুরুল আহসান খানের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২৪

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে পদত্যাগ করেছেন বর্ষীয়ান নেতা ও সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান।

রোববার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

সংবাদমাধ্যমে দল নিয়ে নেতিবাচক মন্তব্য করায় গত ফেব্রুয়ারিতে তার সদস্যপদ স্থগিত করেছিল সিপিবি। এ নিয়ে দলের অভ্যন্তরে যে অসন্তোষ বিদ্যমান ছিল, রোববার পদত্যাগ ঘোষণায় তার অবসান হলো।

মনজুরুল আহসান খান জানান, গত ৩ জুলাই তার পদত্যাগপত্র সিপিবির কেন্দ্রীয় কমিটির কাছে দেন। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, গত শনিবার সিপিবির কেন্দ্রীয় কমিটির বৈঠকে মনজুরুল আহসান খানের সদস্যপদ বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তির সঙ্গে নিজের পদত্যাগপত্রটিও সংবাদমাধ্যমে পাঠান মনজুরুল আহসান খান। পদত্যাগপত্রে সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমি দীর্ঘদিন কমিউনিষ্ট পার্টির সদস্য এবং জীবিত কমরেডদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে কেন্দ্রীয় নেতৃত্বে আছি। আমার বিরুদ্ধে সাতবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ বার অভিযোগ পাওয়ার পর আমি সে সম্পর্কে তদন্ত করতে বলেছিলাম। আপনারা তদন্ত না করেই চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছেন।’

পদত্যাগপত্রে মনজুরুল আহসান লিখেছেন, ‘সাম্প্রতিককালে লুটপাটতন্ত্র, দুঃশাসনের বিরুদ্ধে “বাম-গণতান্ত্রিক বিকল্প” গড়ার জন্য কংগ্রেসে গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত থেকে বিচ্যুত হয়ে বিশ্বাসঘাতকতামূলকভাবে সুবিধাবাদী-সংস্কারবাদী লাইন অনুসরণ করে চলেছেন। পার্টি পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি অগ্রাহ্য করে গায়ের জোরে, আধিপত্যবাদী কায়দায় ও হুকুমদারির রেজিমেন্টেশনের পদ্ধতিতে পার্টি চালাচ্ছেন। এমতাবস্থায় আমি পার্টি থেকে পদত্যাগ করছি।’

সদস্যপদ স্থগিত করার আগে আনীত অভিযোগ তদন্ত করার জন্য দলের নেতাদের অনুরোধ জানিয়েছিলেন মনজুরুল আহসান খান। কিন্তু তার সেই অনুরোধ না রেখে তার সদস্যপদ স্থগিত করে রাখে দলের কেন্দ্রীয় কমিটি।

ওই ঘটনার পর থেকে মনজুরুল সিপিবি নেতাদের ওপর বেশ রুষ্ট ছিলেন।

এ বিষয়ে সিপিবি সভাপতি মো. শাহ আলম প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.