Sylhet Today 24 PRINT

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০২৪

ফাইল ছবি

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ আগস্ট) আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিক দলীয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা ওই বিজ্ঞপ্তিতে শনিবার ২৪ আগস্ট তারিখ দেওয়া রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক শ্রেণি-পেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বিবৃতিতে বলেন, হঠাৎ এই বন্যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় মারাত্মক আকার ধারণ করেছে, এ দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘বিগত দিনে বন্যা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে এসেছিল বলেই বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম এবং বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সফল হয়েছিলাম। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এমন একটি বিপজ্জনক বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নিতেও আমি সকলকে নির্দেশ দিয়েছিলাম।’ বন্যায় মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে শেখ হাসিনা তাদের পরিবারের সব সদস্যের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্য ধারণ করার আহ্বান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.