সিলেটটুডে ডেস্ক | ২৭ আগস্ট, ২০২৪
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক হয়েছেন বলে প্রচার হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়। তবে ঠিক কোন মামলায় আরাফাতকে আটক করা হয়েছে, তা এখনও জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, তাদের কাছে মোহাম্মদ আলী আরাফাতকে আটকের কোনো তথ্য নেই। ডিবিতে খোঁজ নিয়েছিলেন, সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহতের ঘটনায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কথা বলে আসছিলেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন।
এর আগে, ২০২৩ সালের জুলাইতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ‘হিরো আলম’কে হারিয়ে ২৮ হাজার ৮১৬ ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
উল্লেখ্য, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গত ১২ আগস্ট মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকর আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ)।