সিলেটটুডে ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যা মামলার আসামি হিসেবে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালককে গুলি করে হত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লা সলুকে গ্রেপ্তার করা হয়। সলু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
গত ২০ জুলাই ট্রাক চালক মো. সুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় ২২ অগাস্ট মোহাম্মদপুর থানায় মামলা করেন তার ভাই রফিকুল ইসলাম। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, ২০ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বছিলা রোডে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে আসামিদের সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে হামলা চালানো হয়।
সেদিন সুজন মোহাম্মদপুর বেড়িবাঁধের লাউতলা এলাকায় তার ট্রাক গ্যারেজে রেখে বাড়ি ফিরছিলেন। তখন তাকে গুলি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।