Sylhet Today 24 PRINT

৭ দিনের রিমান্ডে শাজাহান খান

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যা মামলায় সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ খোকন মিয়া। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খানসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে।

শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি তিনি। ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন শাজাহান খান। একই আসন থেকে পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.