Sylhet Today 24 PRINT

নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন, প্রতীক ‘মাথাল’

নিজস্ব প্রতিবেদক |  ১৭ সেপ্টেম্বর, ২০২৪

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। দলটির জন্য ‘মাথাল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ইসিসচিব শফিউল আজিমের হাত থেকে নিবন্ধনের কপি নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, অন্যায়ভাবে আমাদের নিবন্ধন আটকে রাখা হয়েছিল। আজকে ন্যায়বিচার পেয়েছি। আমরা মাথাল প্রতীক পেয়েছি।

জানা গেছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। রেজিস্ট্রেশন না দেওয়ায় গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন। উভয়পক্ষের শুনানি শেষে ২০১৯ সালের ১১ এপ্রিল ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করে।

গত ৫ সেপ্টেম্বর পদত্যাগের আগে বিদায়ী হাবিবুল আওয়াল কমিশন আপিল না চালানোর সিদ্ধান্ত নেয়। গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। একই দিনে দলটির বিষয়ে কারও কোনও দাবি আপত্তি রয়েছে কিনা, সেজন্য ছয় দিনের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব। গত রোববার (১৫ সেপ্টেম্বর) ছিল তার শেষ সময়।

নিয়মানুযায়ী এরই মধ্যে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে কমিশন। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপিত না হওয়ায় দুপুর সাড়ে ১২টায় নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের নেতাদের হাতে তুলে দিল ইসি।

এসময়ে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ নেতারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.